Header Ads Widget

বড়দের মঞ্চে দাদাগিরি ছোট বৈভবের , অল্পের জন্য রক্ষা পেল ইউনিভার্স বস ক্রিস গেইলের রেকর্ড

 বড়দের মঞ্চে দাদাগিরি ছোট বৈভবের , অল্পের জন্য রক্ষা পেল ইউনিভার্স বস ক্রিস গেইলের রেকর্ড 


VOICE TAKE : আইপিএলের মঞ্চে গতকাল হয়ে গেল বিরলতম রেকর্ড , যা গোটা বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজির ভিত্তিক টি টোয়েন্টি লিগে কোনোদিন হয়নি । গতকাল গুজরাট টাইটানস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেছে ১৪ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী । তার সেঞ্চুরির দৌলতে তারকাখচিত গুজরাট টাইটানসকে হেলায় হারাল রাহুল দ্রাবিড়ের শিষ্যরা । সেঞ্চুরি করে একাধিক রেকর্ড এর মালিক হলেন ১৪ বছরের বৈভব । অল্পের জন্য রক্ষা পেল ইউনিভার্স বস ক্রিস গেইলের ৩০ বলে সেঞ্চুরির রেকর্ড। গেইল ২০১৩ সালে আরসিবির হয়ে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিপক্ষে দ্রুততম সেঞ্চুরির ইনিংসটি খেলেছিলেন । আইপিএল এর নিলাম থেকেই বৈভবকে নিয়ে আলোচনা চর্চা ছিল কিন্তু ১৪ বছরের এই ক্রিকেটার যা কীর্তি তৈরি করলেন এই রেকর্ড আজীবন জ্বলজ্বল করবে আইপিএল তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে। যে রেকর্ড গুলি এই ১৪ বছরের ছেলেটি নিজের নামে করেছে তা এক নজরে দেখে নেওয়া যাক। 


১) টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরান করল বৈভব। ১৪ বছর ৩২ দিন বয়সে শতরান করেছে সে। আগের রেকর্ড ছিল বিজয় জোলের। ২০১৩ সালে মহারাষ্ট্রের এই ব্যাটার মুম্বইয়ের বিরুদ্ধে শতরান করেছিলেন ১৮ বছর ১১৮ দিন বয়সে। ২০২০ সালে বাংলাদেশের বরিশালের ব্যাটার পারভেজ হোসেন ইমন ১৮ বছর ১৭৯ দিন বয়সে রাজশাহীর বিরুদ্ধে শতরান করেছিলেন।


২) সবচেয়ে কম বয়সে আইপিএলে শতরান করেছে বৈভব সূর্যবংশী। ১৪ বছর ৩২ দিন বয়সে। আগের রেকর্ড ছিল নাইট রাইডার্সের মণীশ পাণ্ডের নামে । ২০০৯ সালে তৎকালীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৯ বছর ২৫৩ দিন বয়সে শতরান করেছিলেন ডেকান চার্জার্সের বিরুদ্ধে। তৃতীয় স্থানে ঋষভ পন্থ। ২০১৭ সালে তৎকালীন দিল্লির ক্রিকেটার ২০ বছর ২৮৯ দিন বয়সে শতরান করেছিলেন হায়দ্রাবাদের বিপক্ষে।


৩) সবচেয়ে কম বয়সে আইপিএলে হাফসেঞ্চুরি করল বৈভব। আগের রেকর্ড ছিল রাজস্থানেরই রিয়ান পরাগের নামে । ২০১৯ সালে দিল্লির বিরুদ্ধে ১৭ বছর ১৭৫ দিন বয়সে অর্ধশতরান করেছিলেন রিয়ান। তৃতীয় স্থানে রাজস্থানের সঞ্জু স্যামসন। তিনি ২০১৩-য় ১৮ বছর ১৬৯ দিন বয়সে অর্ধশতরান করেছিলেন বেঙ্গালুরুর বিরুদ্ধে।


৪) আইপিএলে দ্বিতীয় দ্রুততম শতরান বৈভবের। সবার আগে রয়েছেন গেইল। তিনি ২০১৩ সালে পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে ৩০ বলে শতরান করেছিলেন। তার পরেই রয়েছে ৩৫ বলে বৈভবের শতরান। তৃতীয় স্থানে ইউসুফ পাঠান। ২০১০ সালে রাজস্থানের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে ৩৭ বলে শতরান করেছিলেন। ২০১৩-য় পঞ্জাবের হয়ে ডেভিড মিলার ৩৮ বলে শতরান করেছিলেন বেঙ্গালুরুর বিরুদ্ধে।


৫) দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে শতরান করল বৈভব। ৩৫ বলে শতরান করেছে গতকাল গুজরাট টাইটানস এর বিরুদ্ধে। এর আগে ৩৭ বলে শতরানের নজির রয়েছে ইউসুফ পাঠানের। এ বছরই ৩৯ বলে শতরান করেছেন পাঞ্জাব কিংস এর প্রিয়াংশ আর্য।


৬) ১৮ বছর হওয়ার আগে আইপিএলে সবচেয়ে বেশি ছয় মারার নজির ইতিমধ্যেই গড়ে ফেলেছে বৈভব। ইতিমধ্যেই ১৬টি ছক্কা হাঁকানো হয়ে গিয়েছে তার। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যৌথ ভাবে রয়েছেন অভিষেক শর্মা এবং রিয়ান পরাগ। দু’জনেই পাঁচটি করে ছয় মেরেছেন। সরফরাজ খান এবং আয়ুষ মাত্রে দু’টি করে ছয় মেরেছেন। যে হেতু বৈভবের ১৮ বছর হতে এখনও চার বছর বাকি, তাই ছয়ের সংখ্যা আরও অনেক বাড়বে ।


আইপিএলে বৈভব সূর্যবংশীর এই ইনিংস তাকে গোটা বিশ্বের ক্রিকেট মহলে ব্যাপক পরিচিতি এনে দিল । রাতারাতি তারকা বনে গেল ১৪ বছরের এই ক্রিকেটার। অদূর ভবিষ্যতে ভারতীয় দলের হয়ে তাকে এই রকম চোখ ধাঁধানো ইনিংস খেলতে দেখা যাবে ধারণা ক্রিকেটমহলের । 


Post a Comment

0 Comments