আইপিএলে আজ চেন্নাই সুপার কিংস এর মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় চিপকের এম চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই মুখোমুখি হবে কলকাতার । আইপিএলের অন্যতম সফল এই দুই দল এই মরশুমে এখনো অবধি নিজেদের ছন্দ খুঁজে পায়নি। যেখানে কলকাতা নাইট রাইডার্স লিগ টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে সেখানে চেন্নাই সুপার কিংস রয়েছে নয় নম্বরে। দুটি দলই জেতার লক্ষে খেলতে নামবে। গত ম্যাচে ধোনিরা আরসিবির কাছে ৫০ রানের ব্যবধানে ম্যাচ হেরেছিল । এছাড়া সেই ম্যাচে কনুইয়ে চোট পেয়ে গোটা মরশুমের জন্য ছিটকে যান চেন্নাই এর অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড । গতকাল চেন্নাই ফ্রাঞ্চাইজি মহেন্দ্র সিং ধোনিকে পুনরায় অধিনায়ক ঘোষণা করে । ঋতুরাজ এর জায়গায় দীপক হুদার খেলার সম্ভাবনা সবথেকে বেশি। এছাড়া চেন্নাই দলে বিশেষ কোনো পরিবর্তন করা হবে না বলে সূত্র মারফত জানা যাচ্ছে। চেন্নাই এর ব্যাটাররা ধারাবাহিক ভাবে ভালো খেলতে পারছে না , যেটা কোচ স্টিফেন ফ্লেমিংকে চিন্তায় রেখেছে । ধোনির অধিনায়কত্বে চেন্নাই জয়ের সারণিতে ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করছে চেন্নাই সমর্থকরা। অপরদিকে গতবারের চ্যাম্পিয়ন কলকাতার ক্রিকেটারদের মধ্যেও সেই একই সমস্যা, ধারাবাহিকতার অভাব বিশেষ করে ওপেনিং জুটির ক্ষেত্রে । এক ম্যাচ এ ভালো খেলছে আবার পরবর্তী ম্যাচে মুখ থুবড়ে পড়ছে বিপক্ষ বোলারদের সামনে । ফিল সল্ট - সুনীল নারিন এর বিস্ফোরক ওপেনিং জুটির অভাব কিছুতেই পূরণ হচ্ছে না । রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ ছাড়া ডি কক সম্পুর্ন ভাবে ব্যর্থ । তার জায়গায় রহমনউল্লা গুরবাজকে খেলানোর চিন্তা ভাবনা করছে নাইট টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডারের ওপর আর একবার ভরসা রাখতে চায় দল। বোলিং বিভাগে স্পেন্সার জনসন ম্যাচের পর ম্যাচ ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন , তার বদলে মঈন আলি অথবা এনরিক নোকিয়াকে কলকাতার প্রথম একাদশে দেখা যেতে পারে । দেখা যাক অধিনায়ক ধোনির প্রত্যাবর্তনে জয়ের রাস্তায় কি ফিরবে চেন্নাই সুপার কিংস না বিপক্ষের মাঠে কলকাতা নাইট রাইডার্স দাপট দেখায় ? অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা ।


0 Comments