কাশ্মীর এর সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা বলিউডের, মোদী - শাহ এর কাছে কঠিন ব্যবস্থা নেওয়ার আর্জি
VOICE TAKE : 23 APRIL 2025
গতকাল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এ জঙ্গিহানার ঘটনায় স্তব্ধ গোটা দেশ। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে । গত কয়েক বছরে সাধারণ মানুষের উপর এমন প্রকাশ্যে ভয়াবহ হামলা দেখা যায়নি, মন্তব্য করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এই ঘটনায় সারা দেশের সাধারণ মানুষের পাশাপাশি ফুঁসে উঠেছেন বলিউডের তারকারাও। বলিউড বাদশা শাহরুখ খান বলেন পহেলগাও এ সংঘটিত বিশ্বাসঘাতকতা ও অমানবিক সহিংসতার ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করার ভাষা অক্ষম। এইরকম সময়ে, কেবলমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রার্থনা করা এবং আমার গভীর সমবেদনা প্রকাশ করা সম্ভব। জাতি হিসেবে আমরা যেন ঐক্যবদ্ধ, শক্তিশালী হয়ে এই জঘন্য কাজের বিরুদ্ধে ন্যায়বিচার পেতে পারি। নিজের X হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে অক্ষয় কুমার লিখেছেন, “পহেলগাঁও-তে পর্যটকদের উপর হামলার ঘটনার খবর জেনে সত্যিই স্তম্ভিত। নিরীহ মানুষদের নির্মম ভাবে হত্যা করা হল। পরিবারের জন্য প্রার্থনা করছি।” অভিনেতা ফারহান আখতার লিখেছেন পহেলগাঁও এ নৃশংস সন্ত্রাসী হামলায় আমি গভীরভাবে মর্মাহত এবং ভীত। নিরীহ মানুষের উপর এই অর্থহীন সহিংসতা একেবারেই অমার্জনীয় এবং এর তীব্র নিন্দা করা উচিত।
যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। এই মর্মান্তিক সময়ে আমি কাশ্মীরের জনগণের সাথে সহমর্মিতা প্রকাশ করছি। উরির জঙ্গি হামলা নিয়ে ছবিতে অভিনয় করেছিলেন ভিকি কৌশল। এই ঘটনায় অভিনেতার প্রতিক্রিয়া, “পহেলগাঁও-এর জঙ্গি হামলায় যাঁরা প্রিয়জনদের অমানবিক ভাবে হারালেন তাঁদের যন্ত্রণা কল্পনাও করতে পারছি না। অভিনেতা সঞ্জয় দত্ত বলেন "ঠান্ডা মাথায় আমাদের দেশের লোককে খুন করেছে ওরা। এই ঘটনাকে ক্ষমা করা যায় না। এই জঙ্গিদের এ বার বোঝা উচিত, আমরা চুপ থাকব না। আমাদের এই ঘটনার পাল্টা জবাব দিতেই হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করব এই ঘটনার যোগ্য জবাব দেওয়ার জন্য।”
জাহ্নবী কপূর, তুষার কপূর, সিদ্ধার্থ মলহোত্র, কমল হাসন, রবীনা ট্যান্ডনরাও এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন।

0 Comments