VOICE TAKE : ফের বড়সড় দুর্ঘটনা বিজেপি শাসিত রাজ্য গুজরাটে। ব্রিজ ভেঙে নদীতে পড়ল একের পর এক গাড়ি। এই ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বেশ কয়েকজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়েছেন স্থানীয়রা। জানা যায়, গুজরাটের মহিসাগর নদীর উপর ভদোদরা ও আনন্দ জেলার সংযোগকারী অত্যন্ত ব্যস্ততম ব্রিজ এটি। বুধবার (৯ জুলাই ) সকাল ৮টায় গাড়ি চলার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজটি। এর জেরে একাধিক লরি, গাড়ি ও বাইক নদীতে গিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেতু ভেঙে পড়ার জেরে ২টি ট্রাক, অটোরিকশা ও গাড়ি নদীতে পড়ে যায়। একটি ট্রাক ব্রিজের মুখে আটকে যায়। খবর পেয়ে দ্রূত ঘটনাস্থলে যায় পুলিশ, দমকল বাহিনী ও ডুবুরি দল। বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে অনুমান, ব্রিজটি প্রায় ৪৩ বছরের পুরনো। ফলে এমনিতেই দুর্বল ছিল ব্রিজটি। তার উপর গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি ও নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। যদিও প্রশ্ন উঠছে, ব্রিজটি এত পুরনো হওয়া সত্ত্বেও কেন সেটির পরিদর্শন ও মেরামত করা হয়নি। এদিকে গুজরাটের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। আহতেরা পাবেন ৫০ হাজার টাকা। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। কিভাবে সেতুটি ভেঙে পড়ল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

0 Comments