VOICE TAKE : বসিরহাটের সন্দেশখালিতে হোটেল থেকে উদ্ধার ৩২ কোটি টাকা। ঘটনায় পুলিস দু'জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল সিরাজউদ্দিন মোল্লা ও দেবব্রত চক্রবর্তী। তবে, পাহাড়প্রমাণ টাকার উৎস খুঁজতে পুলিস ধৃতদের জেরা করছে। উদ্ধার হওয়া টাকার মধ্যে ন'কোটির বেশি টাকা জাল বলেই জেনেছে পুলিস। এদিকে, হোটেল মালিক বাপ্পাদিত্য মণ্ডলকে খুঁজছে পুলিস। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ধামাখালি ফেরিঘাট সংলগ্ন একটি বিলাসবহুল হোটেলে পুলিস আচমকা অভিযান চালায়। হোটেলের ২০৬ নম্বর ঘর থেকে পুলিস বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে। সেখানে বিস্কুটের কার্টুনের ভিতরে থরে থরে ৫০০ টাকার নোট সাজানো ছিল। ঘটনায় পুলিস দু'জনকে গ্রেপ্তার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত দেবব্রতর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। অপরজন সিরাজউদ্দিন ক্যানিংয়ের জীবনতলা এলাকার বাসিন্দা। পুলিসের প্রাথমিক অনুমান, সন্দেশখালি বিভিন্ন এলাকায় এখনও বিপুল পরিমাণ টাকা মজুত রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেসব উদ্ধার করার চেষ্টা করছে। তাদের কাছ থেকে বেশ কয়েকটি মেশিন ও সিরাজউদ্দিনের কাছে দুটি আধার কার্ডও পুলিস উদ্ধার করেছে।হোটেলের কর্মী রাহুল সরকার বলেন, শুক্রবার দুপুরে ওই দু'জন গেস্ট আসেন। তারা সমস্ত নথিপত্র জমাও দেন। তাঁদের সঙ্গে সুটকেস-সহ কয়েকটি ব্যাগ ছিল। আজ সকালে দেখি পুলিস ওই ঘরে অভিযান চালায়। তাদের কাছ থেকে পুলিস টাকা পেয়েছে।

0 Comments