Header Ads Widget

বিধানসভার আগেই রাজ্যসভা নির্বাচন, নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

বিধানসভার আগেই রাজ্যসভা নির্বাচন, নির্ঘণ্ট ঘোষণা কমিশনের
VOICE TAKE:- রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যসভার নির্বাচন হতে চলেছে । আজ ১৮ ই ফেব্রুয়ারি বুধবার রাজ্যসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন । বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন। গোটা দেশে ৩৭টি রাজ্যসভা আসনের জন্য হবে ভোটগ্রহণ, যার মধ্যে পশ্চিমবঙ্গে পাঁচটি আসনেও নির্বাচন রয়েছে।   

রাজ্যসভার সাংসদ পদে মেয়াদ শেষ হচ্ছে তৃণমূলের সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এবং বামফ্রন্টের বিকাশরঞ্জন ভট্টাচার্যের। এছাড়া জানুয়ারি মাসে রাজ্যসভার আরো এক সাংসদ মৌসম বেনজির নুর তৃনমূল কংগ্রেস থেকে কংগ্রেস দলে যোগ দিয়েছিলেন। তখন তিনি নিজের সাংসদ পদের মেয়াদ শেষের আগেই ইস্তফা দিয়েছিলেন। সেই থেকে তার আসনটিও খালি। পাঁচটি আসনের মধ্যে রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেসের পক্ষে যাবে ৪ টি আসন ও বিজেপির পক্ষে যাবে ১ টি আসন। বিধানসভায় বিধায়ক সংখ্যার ভিত্তিতে রাজ্যসভার প্রার্থীদের জয় নিশ্চিত হয়। একজন প্রার্থীর জিততে ৫০ এর কাছাকাছি ভোটের প্রয়োজন হয়। সেই হিসেবের ভিত্তিতে তৃনমূল ও বিজেপির সম্ভাব্য জয়ী প্রার্থীর সংখ্যা বলা হচ্ছে । পশ্চিমবঙ্গ থেকে কারা প্রার্থী হবেন তৃনমূল ও বিজেপির পক্ষ থেকে এখনো ঘোষণা করা হয়নি। ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের শুরুতেই সেই প্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারে রাজ্যের শাসক ও বিরোধী শিবির।  

পশ্চিমবঙ্গের পাঁচটি আসনের পাশাপাশি মহারাষ্ট্রের সাত আসনে, বিহারের পাঁচ, ওডিশার চার, তামিলনাড়ুর ছয়, অসমের তিনটি, ছত্তিসগড়ের দু’টি, হরিয়ানার দু’টি, তেলেঙ্গানার দু’টি এবং হিমাচল প্রদেশের একটি আসনে ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যসভার আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৫ মার্চ এবং প্রত্যাহারের শেষ তারিখ ৯ মার্চ। ১৬ তারিখ সকাল ৯টা থেকে বিকেল চারটের মধ্যে হবে ভোটগ্রহণ। ওই দিনই বিকেল পাঁচটার পরে শুরু হয়ে যাবে গণনা।

Post a Comment

0 Comments