VOICE TAKE: বীরভূম জেলার বিভিন্ন পাথর শিল্প এলাকা থেকে দিনের পর দিন বেআইনিভাবে ওভারলোড পাথর বোঝাই গাড়ি চলাচলের ফলে চরম উদ্বেগে প্রশাসন। বেপরোয়া গতিতে দিন-রাত চলাচল করা এই গাড়িগুলির কারণে একের পর এক দুর্ঘটনার আশঙ্কা বাড়ছিল।
মঙ্গলবার সকাল প্রায় দশটা নাগাদ রামপুরহাটের মহকুমা শাসক (এসডিও) সরকারি কাজে নিজের গাড়িতে রাস্তায় যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ তাঁর নজরে পড়ে একাধিক ওভারলোড পাথর বোঝাই ট্রাক্টর। সঙ্গে সঙ্গে তিনি প্রশাসনিক তৎপরতা দেখিয়ে ওই ট্রাক্টরগুলিকে আটক করেন এবং রামপুরহাট থানার পুলিশ ও মোটর ভেহিকেল ইন্সপেক্টর (এমভিআই)-এর হাতে তুলে দেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ওভারলোড গাড়ি চলাচল বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও গাড়ির মালিকরা তা অমান্য করে আসছিলেন। এর ফলেই রাস্তার ধারে প্রায়শই দুর্ঘটনা ঘটছে, তৈরি হচ্ছে প্রাণহানির আশঙ্কা।
শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। আটক করা গাড়িগুলিকে পার্কিংয়ে রেখে আইন অনুযায়ী মোটা অঙ্কের জরিমানা ধার্য করা হচ্ছে বলেও জানা গেছে।এই অভিযানে প্রশাসনের সক্রিয় ভূমিকার জন্য এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের দাবি, ভবিষ্যতেও এ ধরনের অভিযান চললে দুর্ঘটনা অনেকটাই কমবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।

0 Comments